দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে র্যাবের অভিযান চলবে —র্যাব ডিজি

ইত্তেফাক রিপোর্ট

রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন। আশা করছি, এবার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়েন্দা অভিযানও অব্যাহত থাকবে। র্যাবে নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে এসব কথা বলেন র্যাব ডিজি।

নবনিযুক্ত মহাপরিচালক বলেন, রমজানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ দেশব্যাপী চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। ভার্চুয়াল জগতে মনিটরিংয়ে থাকবে সাইবার মনিটরিং সেল। সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রমজানে তারাবি ও ঈদের নামাজের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা বাস্তবায়নে র্যাবের নজরদারি থাকবে।

তিনি বলেন, করোনাকালে লকডাউনের সুযোগে চাল-পেঁয়াজসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বৃদ্ধির অপচেষ্টা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। র্যাব রাজধানীর বাবুবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে। সরকারি খাদ্যশস্য বিতরণেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েক জন অপরাধীকে গ্রেফতার ও কয়েকটি নিয়মিত মামলা করেছে।