ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় ৩৯০ কোটি টাকার প্রণোদনা চান বেসরকারি কারিগরি শিক্ষা খাতের উদ্যোক্তারা। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সংগঠন ‘টেকনিক্যাল এডুকেশন কনসোর্টিয়াম অব বাংলাদেশ (টেকবিডি)’। টেকবিডির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মো. ইমরান চৌধুরী স্বাক্ষরিত পত্রে ‘কারিগরি ইনস্টিটিউট প্রণোদনা প্যাকেজ’ চেয়ে আবেদন করা হয়।
টেকবিডির আবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষাক্রম অনুযায়ী ১০ হাজার ৪৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে। এর মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানই ৯ হাজার ৭৫৯টি; যেখানে সরকারি সংখ্যা মাত্র ৬৯৩।
আবেদনে বলা হয়, বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহ বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি কোনো অনুদান বা আর্থিক সহযোগিতা পায় না। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৭ মার্চ থেকে সরকারি সিদ্ধান্তে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ও অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সব প্রতিষ্ঠানই অর্থনৈতিকভাবে বড়ো সংকটের মধ্যে পড়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের জন্য পাঁচ বছরমেয়াদি ২ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়।
টেকবিডির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আজিজ ইত্তেফাককে বলেন, শিক্ষার অগ্রাধিকার খাতের অন্যতম কারিগরি শিক্ষা। সমৃদ্ধ দেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের বড়ো হাতিয়ার হিসেবে কাজ করছে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা অন্যান্য খাতের মতো প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি।