আড়াইহাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে আহত মো. ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের ধারণা, ঐ যুবক এলাকার ছিঁচকে চোর, যার জন্য এলাকাবাসী গণপিটুনি দেয়।’ গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। ইব্রাহিম উপজেলার সদর পৌর সভার গাজীপুরা গ্রামের মৃত শাহবুদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার এসআই রূপম চন্দ্র সরকার জানান, শুক্রবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বইলার কান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় এক যুবকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। তিনি বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সার পর জ্ঞান ফিরলে তার নামপরিচয় জানায়। তবে কারা তাকে এ অবস্থা করেছে কিছুই বলতে পারেনি। আর আশঙ্কাজনক হওয়ায় ও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় জিজ্ঞাসাবাধ করা হয়নি। খোঁজ নিয়ে তার মা রিনা বেগমের কাছে যুবককে বুঝিয়ে দেওয়া হয়।

রূপম বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তবে এলাকাবাসী জানিয়েছে সে ছিঁচকে চোর। ঘটনার রাতে চুরি করতে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। তবে কার বাড়িতে চুরি করতে গিয়েছিল, কোন এলাকার লোকজন মেরেছে, বাদী কেউ নেই।