ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনা ভাইরাস মহামারি আকারে হিংস্র থাবা তুলেছে বাংলাদেশেও। করোনার আঘাতে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। বর্তমান বাস্তবতায় কিছু মানুষ জীবিকা হারিয়ে ফেলেছেন। দারুণ সংকটে দিন কাটাচ্ছেন তারা। খাদ্যের সংস্থানের জন্য সংগ্রাম করছেন খেটে খাওয়া মানুষ। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, এবার রমজান এসেছে এক ভিন্ন পরিবেশে। এমন সংকটময় মুহূর্তে যারা বিপন্ন মানুষের জন্য খাদ্যের সংস্থান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতা, এনজিও কর্মী, সমাজকর্মী যারা দুস্থ মানুষদের জন্য কাজ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সংকটে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন আমাদের চিকিত্সকরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন।