লকডাউন শিথিল করল ভারত ও পাকিস্তান

সতর্কতামূলক নির্দেশনাগুলো অব্যাহত রাখা হয়েছে

 রয়টার্স, এনডিটিভি

মহামরি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন বহাল রেখেই কিছু বিধিনিষেধ শিথিল করেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সতর্কতামূলক নির্দেশনাগুলো আগের মতোই দেশ দুইটিতে অব্যাহত রাখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার থেকে আবাসিক এলাকায় ছোটো ছোটো দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। তবে সংক্রমণের ‘হটস্পট’ বলে বিবেচিত এলাকাগুলো এ নির্দেশের বাইরে থাকবে। মদ ও নিত্যপ্রয়োজনীয় নয়, এমন বেশির ভাগ জিনিসের বিক্রি আগের মতোই বন্ধ থাকবে। কেবল আবাসিক এলাকাই নয়, শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মল ও সুপারমার্কেটগুলো বন্ধ থাকবে।

যেসব দোকানপাট খোলা যাবে, সেখানে আগের তুলনায় ৫০ শতাংশের বেশি কর্মী কাজ করতে পারবে না। কর্মীদেরকে অবশ্যই মাস্ক ও গ্লাভস পরতে হবে, মানতে হবে সামাজিক দূরত্বের নির্দেশনাও। শুক্রবার রাতে দেওয়া নির্দেশনায় আরো বলা হয়েছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোও অত্যাবশকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে। ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন দেওয়া আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

পাকিস্তানে ৯ মে পর্যন্ত লকডাউন দেওয়া থাকলেও দেশটির সরকার শনিবার থেকে সতর্কতামূলক নির্দেশনা মেনে কিছু শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে। আক্রান্ত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে জোর তত্পরতা শুরুর কথাও জানিয়েছে দেশটি। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসাদ উমর বলেছেন, ‘আক্রান্ত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পৃথক করার মাধ্যমে আমরা যেমন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারব, তেমনি অর্থনীতিকে সচল করে লোকজনকে কাজে যাওয়ার সুযোগ করে দিতে পারব।’

রমজান মাসে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তার উপরই সরকারের পরবর্তী সব সিদ্ধান্ত নির্ভর করবে বলেও জানান করোনা ভাইরাস মোকাবিলায় পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত ঐ মন্ত্রী। দেশটির কর্তৃপক্ষ রমজান উপলক্ষ্যে সিন্ধু প্রদেশ ছাড়া বাকি সব এলাকার মসজিদও খুলে দিয়েছে। সিন্ধুতে কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করতে পারে, চিকিত্সকদের এ সতর্কতার পর সেখানকার মসজিদগুলোর ওপর বিধিনিষেধ বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে।