খাদ্য, কৃষি ও চিকিত্সায় ইসলামী উন্নয়ন ব্যাংকের সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

খাদ্য নিরাপত্তা, চিকিত্সা ক্ষেত্রে সহায়তা এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন ও যান্ত্রিকীকরণে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সহায়তা চাইলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল শনিবার অর্থমন্ত্রী ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জারের সঙ্গে করোনার প্রভাবে মানবজাতি ও অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে টেলিকনফারেন্সে আলোচনা করেন। অর্থমন্ত্রী আইএসডিবি সদস্য দেশগুলোর জন্য কোভিড-১৯ মোকাবিলায় ২৩০ কোটি ডলার (প্রায় ২০ হাজার কোটি টাকা) যে কৌশলগত প্রস্তুতি ও অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে তার জন্য আইএসডিবির প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় আইএসডিবির প্রেসিডেন্ট উক্ত তিনটি ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব গ্রহণ করেন। সেই সঙ্গে তিনি বলেন, আইএসডিবি প্রতিনিধিদল বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করে সহায়তার বিষয়গুলো ঠিক করবে।

উল্লেখ্য, বাংলাদেশ আইএসডিবির (পূর্বের সংক্ষিপ্ত রূপ আইডিবি) প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭৪ সাল থেকে চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে আইএসডিবির সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে ঢাকায় আঞ্চলিক কেন্দ্র চালু করেছে। আইএসডিবির আঞ্চলিক হাবের উপস্থিতিতে আঞ্চলিক সম্পর্ক আরো জোরদার হবে বলে অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন খাতে আইএসডিবির সহায়তায় মোট ১১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। টেলিকনফারেন্সে অর্থমন্ত্রী জানান, লকডাউন ও গণছুটির কারণে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ ও অর্থনীতির জন্য ১ হাজার ১৬০ কোটি ডলারের (৯৮ হাজার ৬০০ কোটি টাকা) সমপরিমাণ বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের সমান। আইএসডিবির প্রেসিডেন্ট বাংলাদেশের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমি আশ্বস্ত করতে চাই যে, আইএসডিবি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।