সিলেটে বৃদ্ধা মাকে ঘরে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের জনৈক বৃদ্ধাকে ছেলে ও ছেলেদের বউ নানা অত্যাচার ও নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেন। এমন অভিযোগ পেয়ে মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জের সভাপতি হাবিবুর রহমানসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বিষয়টি জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে জানালে তিনি সেখানে ছুটে যান এবং নির্যাতিত মাকে তার ঘরে তুলে দেন। এছাড়া তার দুই ছেলে ও ছেলের বউদের সতর্ক করে আসেন ভবিষ্যতে মায়ের কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানান, বাড়িটি মায়ের নামে। ছেলেরা তাদের বউদের নিয়ে আলাদা থাকেন। পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে এখন থেকে মাসে ১৫ দিন করে দুই ছেলে মায়ের ভরণ পোষণ ও দেখাশোনা করবেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।