বরিশালে শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে প্যারালাইসিসে আক্রান্ত শিক্ষিকা জোত্স্না বেগমের (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জোত্স্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জোত্স্না ঐ এলাকার মৃত আলতাফ হোসেনের স্ত্রী এবং তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসে ভুগছিলেন। জোত্স্না বেগম ঐ ঘরে তার পুত্রবধূ মীরু বেগমকে নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় তার একমাত্র ছেলে ট্রাকচালক অপু চট্টগ্রামে অবস্থান করছিলেন। মরদেহ উদ্ধারকারী উজিরপুর থানার এসআই মো. মানিক ও রবিউল ইসলাম জানান, পুত্রবধূ মিরু বেগমের ডাক চিত্কারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জোত্স্নাকে তার নিজ বিছানার ওপর বসা অবস্থায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, বিষয়টি রহস্যজনক ও সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।