পুলিশের উপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

পুলিশের উপর হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (৫২) বেলায়েতকে গ্রেফতার করা হয়েছে । 

শনিবার (২৫ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেঠাগ্রাম সূচীউড়ার হাজ্বী অন্তর আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। 

আরও পড়ুনঃ রোজার কল্যাণে পরিশুদ্ধ হোক আত্মা

এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামীকে গ্রেফতার করা হয়। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান,পুলিশের উপর হামলার ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে  আদালতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/এমএএম