সাগরে ভেসে থাকা ৫০০ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বলেছে জাতিসংঘ

গত কয়েক দিন ধরে প্রায় ৫০০ রোহিঙ্গা বহনকারী দুটি নৌকা মালয়েশিয়ায় ঢুকতে না পেরে গভীর সমুদ্রে অবস্থান করছে। মানবিক কারণে এই রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে বলছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মোমেন ইত্তেফাককে বলেন, রোহিঙ্গা বহনকারী দুটো নৌকাকে বাংলাদেশ গ্রহণ করবে না। গভীর সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের কোনো দায়িত্ব নেই। আমরা চাই না মানুষ মরুক। কিন্তু অন্যদের অগ্রসর হয়ে আসতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও গতকাল শনিবার এক বিবৃতিতে সাগরে ভেসে থাকা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।