করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কাপাসিয়ায় পাঁচটি হাট-বাজার বন্ধ করার পর উপজেলার অন্যান্য হাট-বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায় না রাখার পরিপ্রেক্ষিতে উপজেলায় সকল দোকান ও সাপ্তাহিক হাট-বাজার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ছাড়া শুধুমাত্র ওষুধের দোকান প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে বন্ধ থাকবে পাড়া-মহল্লা ও বিভিন্ন রাস্তার পাশের সকল চা দোকান/মুদি দোকান। এছাড়া সকল প্রকার ইফতারসামগ্রী রাস্তার পাশে বা দোকানে বিক্রয় না করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে উপজেলার সকল বাজারে শাকসবজি, মাছ-মাংস ও কাঁচামাল ভ্যান গাড়িতে করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয় করা যাবে। পাশাপাশি উপজেলার সঙ্গে অন্য উপজেলার নৌপথে খেয়া/নৌকা, ইঞ্জিনচালিত বোট/ইঞ্জিনচালিত খেয়ার মাধ্যমে মানুষ/মালামাল পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।