আজ দেশের এই ক্রান্তিকালে স্বাস্থ্য – নিরাপত্তা -ব্যাংক-সংবাদকর্মী যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন দেশের মানুষের জন্য তাদের আমরা জানাই প্রাণময় অভিবাদন এবং অব্যক্ত ভালোবাসা। এই মানুষগুলোর সাথে দেশের প্রতিটি ঘরের প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবাসামগ্রী পৌঁছে দিচ্ছে যে মানুষগুলো তারা হচ্ছেন বিক্রয়কর্মী।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৪০ লাখ পণ্য বা সেবা বিক্রয় পেশাজীবী রয়েছেন । তাদের অক্লান্ত পরিশ্রম আর নিবেদিত সেবায় দেশের প্রায় চার কোটি পরিবার নিশ্চিন্তে সাধারণ জীবনকে উপভোগ করতে পারছে। অন্যান্য পেশার বা মার্কেটিং সংশ্লিষ্ট অন্যরা আজ ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকলেও এই পেশার সেই সুযোগটা নাই। বিশেষ করে, খাদ্য এবং মেডিসিন ছাড়া কি চিন্তা করা যায়?
আমরা যখন ভাইরাস ভীতিতে পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে নিরাপদে থাকি ঠিক একই সময়ে এই মানুষগুলো পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় পণ্য সেবার কাজে , হয়তো তার শিশু সন্তানটি বাবার চলে যাওয়াটি আগের মতই ভাবে।
গত এক সপ্তাহে ব্যক্তিগতভাবে সারাদেশের ৪৫৬ জন এই বিক্রয়কর্মীর বর্তমান অবস্থার অভিজ্ঞতা এবং মতামত জানি সোশ্যাল মিডিয়াতে এবং টেলিফোনে। তাতে কয়েকটি চিন্তা -ভাবনার বিষয় উঠে আসে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলো দেশের প্রায় ১৮ কোটি মানুষের নিত্যদিনের সেবা দিয়ে যাচ্ছেন তারা আজ কতখানি পেশাগত অনিশ্চয়তা আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তা ভাবনার বিষয়। সাধারণত, বিক্রয় পেশার মানুষগুলোকে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের মূল চাবিকাঠি কিন্তু চাকুরীর অনিশ্চয়তার দোলা-চালে এরাই অগ্রভাগে । তাদের অভিজ্ঞতা আর মতামতের ভিত্তিতে যে দুটি বিষয় সামনে চলে আসে তা হল ;
## সিংহভাগ বিক্রয়কর্মীর কোভিড-১৯ সেফটি মেজার ইকুইপমেন্ট কোম্পানি থেকে সরবরাহ করা হয় নাই, তারা নিজেদের মতো করে ব্যবস্থা নিয়ে চলে যাতে নিরাপত্তা বাহিনী তাদের না আটকায় ।
## অনেক কোম্পানি ইতিমধ্যে বিক্রয় বিভাগে বেতন কমানো এবং কর্মী ছাটাই শুরু করেছেন। পাশাপাশি, যাদের বেতন ও অন্যান্য সুবিধা পাওনা আছে, তাদের হিসাব নিয়েও রয়েছে শঙ্কা।
এই স্বল্প আয়ের মানুষগুলোর প্রতিমাসের বেতনই তাদের ভরসা আজ হিমশিম খাচ্ছে ঘর ভাড়া- সংসার খরচ ইত্যাদি নিয়ে যা আমাদের সবার বোধগম্য। তাই প্রতিষ্ঠানগুলোর কর্ণধার, ব্যবস্থাপনায় থাকা পেশাজীবীরা যদি একটু সজাগ এবং আন্তরিক ও মানবিক হন প্রান্তিক এই ব্যবসায় সহযোগীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং বিপদকালীন এই সময়ে জীবন-জীবিকার পাশে থাকার অঙ্গীকার, তাতে হয়তো বেচে যাবে অনেক সংসার আর জয় হবে আমাদের মানবতার।
সরকার আজ উদার তার প্রতিটি নিন্মায়ের পেশাজীবী -শ্রমজীবীদের জন্য, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তাদের নিকট আকূল আবেদন থাকবে এই প্রান্তিক বিক্রয় পেশাজীবীদের জন্য অন্যান্যদের মত সহযোগিতার হাত বাড়ান, এরা দেশের অর্থনীতির এক অনবদ্য হাতিয়ার ।
লেখক: সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এলামনাই এবং প্রতিষ্ঠাতা, স্কুল অব সেলস ম্যানেজমেন্ট।
ইত্তেফাক/বিএএফ