ট্রাম্প কি লজ্জায় গণমাধ্যম এড়িয়ে চলছেন?

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে করোনা চিকিৎসায় শরীরে জীবাণুনাশক প্রয়োগের উদ্ভট পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই গত দুদিন ধরে গণমাধ্যম এড়িয়ে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর হোয়াইট হাউজে করোনা নিয়ে আর কোন সংবাদ সম্মেলন করেননি ট্রাম্প।   

  জানা গেছে, গত ২৩ এপ্রিল হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প করোনা চিকিৎসায় শরীরে জীবাণুনাশক প্রয়োগের পরামর্শ দেন। এছাড়া শরীরের মধ্যে আল্ট্রা-ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি প্রবেশ করিয়ে করোনা চিকিৎসার পরামর্শও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরামর্শের পর এ নিয়ে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্পের এ পরামর্শের পর পরিষ্কারক পণ্য লাইসোল ও ডেটল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক রেকিট বেনকিজার বলেন, কোন অবস্থাতেই তাদের পণ্য খাওয়া বা ইনজেকশন দেওয়া যাবে না। এছাড়া বিভিন্ন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জীবাণুনাশক পান করতে বা ইনজেকশন যেন কেউ না দেয় তার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের পরামর্শ নিয়ে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ইস্ট এংলিয়ার মেডিসিন প্রফেসর পল হান্টার বলেন, করোনার চিকিৎসা নিয়ে এটি এখন পর্যন্ত সবেচেয়ে বিপজ্জনক ও বাজে ।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, মজা করেই তিনি এমন পরামর্শ দিয়েছেন। তবে এমন পরামর্শ দেয়ার পর থেকে আর সংবাদ সম্মেলনে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এ নিয়ে শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউজে সংবাদ সম্মেলন করে কি হবে? এই খোঁড়া গণমাধ্যম আপনাকে প্রতিকূল প্রশ্ন করবে এবং সত্য ঘটনা প্রকাশ করবে না। 

ইত্তেফাক/এআর