স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের আইন শৃঙ্ঘলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সারাদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তত্পর রয়েছে। মানুষ উত্সবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও মনিপুরস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিবেশ নির্বাচনের উপযুক্ত। এর আগেও অনেক নির্বাচন হয়েছে। আমরা যদি সেই নির্বাচনের সঙ্গে তুলনা করি, তা হলে আমি মনে করি আমাদের আজকের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঐক্যফ্রন্ট, বিএনপি-জায়ায়াত জোট অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফেসবুক ও অন্যান্য সোশাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে দিয়ে একটা অপচেষ্টা চালাচ্ছে, যাতে পরিস্থিতিটা উত্তপ্ত করা যায়।
তিনি বলেন, আমি মনে করি দেশের জনগণ এই সব অপচেষ্টায় কান দেবে না। আগামীকাল (আজ রবিবার) সকাল থেকেই তারা ভোট প্রদান করবেন তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী পেশাদার, তারা দক্ষ। তারা যে কোন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি আছে। যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে পারবে- আমরা সেই আশা করছি। তাছাড়া বিভিন্ন ছোটখাট ঘটনা ঘটছে, সে জন্য আমরা সজাগ রয়েিঁছ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামের সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন ৪৪৫ জন। এ সময় পর্যন্ত বিএনপি-জামায়াত ক্যাডারা আওয়ামী লীগের ১৮৭টি নির্বাচনি কার্যালয় আক্রমন, বাড়ি ঘর ভাংচুর, মোটর শোভাযাত্রায় হামলা করেছে। এছাড়া আওয়ামী লীগের ৯৮টি নির্বাচনি অফিস বোমা হামলা ও গুলি চালিয়েছে।
নাশকতার সংক্রান্ত সাংবাদিককের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে সজাগ রয়েছে। আর তারা সজাগ রয়েছে বলেই কোন ধরনের নাশকতা ফলপ্রসু হয়নি।