আপাতত ঘরে থাকি

এই সময়ের ছড়া 

নুরুল ইসলাম বাবুল

 

বিশ্ববাসী দিশেহারা করোনার হানায়

চীন থেকে ইতালি, আমেরিকা, ঘানায়

সবখানে করোনা, করোনার ত্রাস

মানুষকে করছে অহরহ গ্রাস।

 

চলছে চেষ্টা, সংগ্রাম-লড়াই

প্রাণঘাতী ভাইরাস কী করে সরাই।

গবেষণা চলবে, আছে সেই সাধ্য

নিশ্চয়ই করোনা চলে যেতে বাধ্য।

 

আপাতত ঘরে থাকি, ঘরটাই মুক্ত

হব না সামাজিক চলাচলে যুক্ত।

নিজে থাকি নিরাপদ, দেশকেও রাখি

একদিন হব ফের ডানামেলা পাখি।