ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ভালো ছিল না শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের অভিষেক ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ১৫ রান। শচীন ভেবেছিলেন, তার ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ। স্মৃতিচারণা করে শচিন বলেন, ‘ওয়াসিম ও ওয়াকার খুব জোরে বল করছিল, শর্ট বল করছিল। তাদের পক্ষে সম্ভব, ভয়ংকর এমন সবকিছুই করছিল তারা। আগে কখনো এ রকম অভিজ্ঞতা আমার হয়নি। প্রথম ইনিংস তাই সুখকর ছিল না। মাঝেমধ্যেই আমি ওদের পেস ও বাউন্সে পরাস্ত হচ্ছিলাম। ১৫ রানে আউট হয়ে যখন ড্রেসিংরুমের দিকে হাঁটছিলাম, খুব বিব্রত লাগছিল। ড্রেসিংরুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যাই, প্রায় কেঁদেই ফেলেছিলাম। মনে হচ্ছিল, আমি অথই সাগরে পড়েছি। নিজের দিকে তাকিয়ে বলছিলাম, ‘মনে হয় এটিই তোমার প্রথম ও শেষ ম্যাচ।’ কেবলই ভাবছিলাম, এই পর্যায়ে খেলার জন্য যথেষ্ট ভালো আমি নই। খুবই হতাশ হয়েছিলাম, খুব ছোটো মনে হচ্ছিল নিজেকে।’