ইত্তেফাক রিপোর্ট
সরকার করোনা ভাইরাসের পরিস্থিতিতে সাধারণ ছুটি বাড়ালেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন মাঠ পর্যায়ের ভ্যাট ট্যাক্সের অফিস খুলছে। খুলছে সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন অফিসও। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, সাধারণ ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অফিস খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরোধ করা হয়েছে। অবশ্য এর আগে থেকেই দেশের বিভিন্ন শুল্ক স্টেশনগুলো চালু রয়েছে। শুরুতে বিশেষ কিছু পণ্য শুল্কায়নের নির্দেশনা থাকলেও সম্প্রতি সব স্টেশনে সব ধরনের পণ্য শুল্কায়ন করার নির্দেশ জারি করা হয়। রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে কর্মকর্তাদের যথাযথ স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী না থাকায় ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষত ইতিমধ্যে শুল্ক কর্মকর্তারা এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।