স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক ও আখচাষিরা বেতন ও বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার দুপুরে মিলগেটে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করেন। সাড়ে ৬০০ শ্রমিকের চার মাসের বকেয়া বেতন ও গত বছরের বকেয়া আখের দামের দাবি করেছেন শ্যামপুর চিনিকলের শ্রমিক ও আখচাষিরা। এ ব্যাপারে চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি বুলু আমিন জানান, সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন চার মাস ধরে বেতন না পেয়ে দুর্বিসহ হয়ে উঠেছে শ্রমিকদের জীবন। পাশাপাশি গত বছর দেওয়া আখের বকেয়া টাকা না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন আখ চাষিরা। বকেয়া থাকায় পরবর্তী আবাদ নিয়েও অনিশ্চয়তায় পড়েছে চিনিকলটি। তাই আসন্ন আখ মাড়াই মৌসুমে ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।
শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না পাওয়ার ব্যাপারে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান বলেন, আমরা হেড অফিসে কথা বলছি, চেষ্টা করে যাচ্ছি কীভাবে বকেয়া বেতন পরিশোধ করা যায়। তবে ইতিমধ্যেই চলতি মাসের অগ্রিম বেতন দেওয়া হয়েছে।