সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
করোনা পরিস্থিতিতে গৃহে অবস্থানকারী শিক্ষার্থীদের পাঠদানের উদ্দেশ্যে সখীপুর উপ?জেলায় অনলাইন স্কুলিং চালু হয়েছে। রবিবার সকালে সরকারি পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ কার্যালয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ স্কুলিং উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে এবং পড়ালেখার প্রতি মনোযোগী হয়—এমন চিন্তা থেকেই অনলাইন স্কুলিং চালু করা হয়েছে। সংসদ টেলিভিশনে জাতীয়ভাবে যে সময়ে পাঠদান চলে তার বিপরীত সময়ে অনলাইন স্কুলিং চলবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুটি শিফটে ক্লাস নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা ক্লাস নেবেন। উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে উদ্যোগটি বাস্তবায়ন করবে। স্থানীয় কেবল চ্যানেলের মাধ্যমে অনলাইন স্কুলিং পাঠদান চলবে।