দেশের এক-তৃতীয়াংশ মানুষ সরকারি সহায়তার আওতায় :তথ্যমন্ত্রী

বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের সহায়তা কর্মসূচির আওতায় থাকার তথ্য দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাসের মহামারির মধ্যে কাউকে যেন অভুক্ত না থাকতে হয়, সেই লক্ষ্য সরকার নির্ধারণ করেছে। গতকাল রবিবার সচিবালয়ে এক অনলাইন ব্রিফিংয়ে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে এ বিশেষ পরিস্থিতিতে যারা দিনে এনে দিনে খায়, যারা দরিদ্র, তাদের যেন অসুবিধা না হয়।’

তিনি বলেন, সরকার ভিজিডির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার পরিবারকে সহায়তা দিচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। সাড়ে ১২ লাখ পরিবার ওএমএসের মাধ্যমে সহায়তা পাচ্ছে। আগামী মাসে ৩ লাখ পরিবার মত্স্য ভিজিএফ পাবে এবং এর বাইরে জেলা প্রশাসন শাকসবজি, দুধ কিনে জনগণের মধ্যে বিতরণ করছে বলেও তথ্য দেন মন্ত্রী।

বিশেষ পরিস্থিতির কারণে ত্রাণ মন্ত্রণালয় শনিবার পর্যন্ত ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন চাল, ৪৯ কোটি টাকা এবং শিশুখাদ্যের জন্য ১১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ নানা ধরনের ভাতার মাধ্যমে দেশের আরো প্রায় ১ কোটির কাছাকাছি লোক সহায়তা পাচ্ছে। অর্থাত্ দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের এই সহায়তার আওতার মধ্যে রয়েছে।’ অন্যদের মধ্যে তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এবং তথ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা অনলাইন ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।