১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৫ ও ১৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলমান থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ১১ লাখ ৭২ হাজার প্রার্থী আবেদন করেছেন। গতকাল রবিবার ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করে আদেশ জারি করেছে এনটিআরসিএ। পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। গত ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিন বিকাল ৪টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।