ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

বাজার অস্থিতিশীলের দুরভিসন্ধিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র রমজান মাসে বাজার অস্থিতিশীলের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর, মজুতদার ও অসত্ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দূরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। গতকাল রবিবার দুপুরে সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাত্ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে। আমরা এখনো আহ্বান           জানাই—এই দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজবনির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য-প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করছে। কী তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ।

সেতুমন্ত্রী আরো বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর। সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিন দিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ। এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার যারা সত্যিকারের করোনা যোদ্ধা যেমন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানসহ যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন। দল-মত- নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহস হচ্ছে তার শক্তির উত্স। সংকট মোকাবিলায় শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি।

বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন? করোনার বৃদ্ধি রোধে কি করেছেন আপনারা?