চট্টগ্রামের পটিয়ায় একাদশ সংসদ নির্বাচনের আগের রাতে হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। তার নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা।
বিএনপির নেতাকর্মীদের হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, ওই এলাকায় রাত ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। একাদশ সংসদ নির্বাচনে রবিবার সারাদেশে ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটল। দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
ইত্তেফাক/আরকেজি