রাজশাহীতে করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন বাঘা উপজেলার আব্দুস সোবহানের (৮০) লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরের পর নগরীর মেহেরচন্ডী চকপাড়ার একটি গোরস্থানে লাশটি দাফনের জন্য নিয়ে যাওয়ার আগেই স্থানীয়রা সংশ্লিষ্টদের সঙ্গে মারমুখী আচরণ করে। পরে লাশটি অনেকটা গোপনে আরেকটি গোরস্থানে দাফন করা হয়। লাশ দাফনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কোয়ান্টাম ফাউন্ডেশন। সহযোগিতা করেছে রাসিক ও মহানগর পুলিশ। কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক অ্যাডভোকেট কায়সার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীতে আরেক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বাড়ি জেলার মোহনপুরে। রবিবার রাজশাহী ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এ নিয়ে জেলায় নয় জনের করোনা পজিটিভ পাওয়া গেলো।