করোনা ভাইরাসের উত্পত্তিস্থল উহানের হাসপাতাল থেকে সব করোনা রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে চীন সরকার জানিয়েছে। এ শহর থেকেই ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাসের ওষুধ নিয়ে সমালোচনার মুখে নিয়মিত ব্রিফিং বন্ধ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ কাজে ফিরছেন। আর সৌদি আরবে দুই পবিত্র শহর মক্কা-মদিনা বাদে সব স্থানে কারফিউ শিথিল করা হয়েছে।
উহানে সব রোগীর হাসপাতাল ত্যাগ
চীনের স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এক ব্রিফিংয়ে বলেন, বিশ্ব করোনা ভাইরাসের উত্সস্থল উহানে আর কোনো করোনা রোগী নেই। নতুন করে কেউ সেখানে আক্রান্ত হয়নি। আর যারা হাসপাতালে ছিল তারাও বাড়ি ফিরেছে। গতকাল একজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই এই মাইলফলক ছোঁওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। ২৩ জানুয়ারি থেকে একটানা ৭৬ দিন লকডাউনের পর গত ৮ এপ্রিল উহান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে লকডাউন উঠে গেলেও সতর্কতা অবলম্বনে কোনো আপস করেনি স্থানীয় প্রশাসন। এতেই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। তবে স্বাস্থ্যকর্মীদেরই এর পুরো কৃতিত্ব দিয়েছেন মুখপাত্র।
শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৪৫২ জন যা চীনের মোট আক্রান্তের ৫৬ ভাগ এবং মারা গেছে ৩ হাজার ৮৬৯ জন। এ সংখ্যা চীনের মোট মৃত্যুর ৮৪ ভাগ।
ট্রাম্পের নিয়মিত ব্রিফিং বন্ধ
সমালোচনার মুখে নিজের নিয়মিত ব্রিফিং বন্ধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবারের ব্রিফিংয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ইনজেকশনের মাধ্যমে শরীরে জীবাণুনাশক প্রবেশ করানোর পরামর্শ দিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। শনিবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সময় বা শ্রম পাওয়ার যোগ্য নয় গণমাধ্যম। তিনি বর্তমান সমালোচনার জন্য মিডিয়াকে দায়ী করেন। করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থ হওয়ায় মার্কিন স্বাস্থ্য মন্ত্রী অ্যালেক্স আজারকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল এবং পলিটিকো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে হোয়াইট হাউজের মুখপাত্র জাড ডেররি এই তথ্য অস্বীকার করেছেন।
এদিকে নিউ ইয়র্কে ফার্মেসিতে করোনা ভাইরাসের পরীক্ষা করার অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কুওমো। তিনি জানান, ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন দেওয়া হচ্ছে। প্রতিদিন সেখানে ৪০ হাজার পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৭৩ হাজার ১৩২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৮ জনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯ লাখ ৭৫ হাজার ৭৯৮ ও মারা গেছে ৫৪ হাজার ৯৪১ জন যার মধ্যে আবার নিউ ইয়র্কেই প্রাণ গেছে ২২ হাজার ২৭৫ জনের। বিশ্বে সুস্থ হয়েছে ৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
আজ কাজে ফিরছেন বরিস জনসন
আজ সোমবার কাজে ফিরছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে নিজের কার্যালয়ে কাজ করবেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থা গুরুতর হলে চলতি মাসের শুরুর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন তিনি। তবে অল্প কয়েকদিন চিকিত্সার পর মাসের দ্বিতীয় সপ্তাহেই নিজ বাড়িতে ফিরে যান প্রধানমন্ত্রী বরিস। স্কাই নিউজ জানিয়েছে, ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, কাজে যোগ দিতে প্রস্তুত জনসন। সোমবারই তিনি ডাউনিং স্ট্রিটে ফিরবেন।
সৌদিতে কারফিউ শিথিল
দুই পবিত্র শহর মক্কা ও মদিনা বাদে সৌদি আরবের অন্যান্য স্থানে কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল রবিবার থেকে শিথিল করা হয়। স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবাধে চলাফেরা করতে পারবে জনসাধারণ। বুধবার থেকে খুলে দেওয়া হবে দোকানপাট এবং কিছু কারখানা। তবে এই শিথিলতার মধ্যে পড়বে না ঐসব স্থান যেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব নয়। এমন স্থানের মধ্যে আছে জিম ও রেস্তোরাঁ। পবিত্র মক্কা ও মদিনা শহর এবং যেসব স্থানে কোয়ারেন্টাইন করা হয়েছে সেগুলোতে লকডাউনই থাকবে। সৌদি আরবে গতকাল পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২২৩ জন।
অন্যান্য দেশের পরিস্থিতি
জার্মানিতে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তাদের আগের জীবনে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। স্পেনে ২৪ ঘন্টায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে যা গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। দেশটিতে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শিশুরা দীর্ঘ ছয় সপ্তাহ পর ঘরের বাইরে এসেছে। দেশটিতে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। যদিও এখন মৃত্যুর হার কমেছে। লকডাউন আরো শিথিলের ঘোষণা দিয়েছে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী কন্তে জানিয়েছেন, ৪ মে থেকে খুলে দেওয়া হবে ইতালির পণ্য প্রস্তুতকারী শিল্প। তবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সব স্কুল বন্ধ রাখা হবে। কন্তে বলেন, কৌশলী ব্যবসা, যেমন—রপ্তানি প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করতে পারে। ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন। তাতে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এসে ঠেকেছে ২৬ হাজার ৯১৭ জনে। এদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক। নোভেল করোনায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত ৮২৬ জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানে আক্রান্ত ১৩ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭৭ জনের। —বিবিসি, রয়টার্স ও আল জাজিরা