ভোটার আইডি কার্ড প্রণয়নের মতো রেশন কার্ড তালিকা করার দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল রবিবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সঙ্গে এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।
মেনন বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আগের ৫০ লাখের সঙ্গে নতুন ৫০ লাখের নাম অন্তর্ভুক্তির যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিয়েছেন তা মাঠে মারা পড়তে যাচ্ছে। যাদের হাতে দায়িত্ব পড়েছে তারা ঐ তালিকা নিজেরা পদ-পদবির ভিত্তিতে ভাগাভাগি করে নিচ্ছে। কোনো কোনো জায়গায় এক দিন-দুই দিনের মধ্যে তালিকা দেওয়ার তাগাদার কারণে মনগড়া তালিকাও প্রদান করা হচ্ছে, ভবিষ্যতে যা ঐ রেশনসামগ্রী আত্মসাতের পথ প্রশস্ত করবে।
তিনি বলেন, রেশন কার্ডের এ তালিকা থেকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবীরা বাদ পড়ে যাচ্ছেন। যেসব গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবীদের ভোটার আইডি কার্ড গ্রামে বা অন্য অঞ্চলে তারাও এর থেকে বাদ পড়ে যাচ্ছেন। এজন্য ভোটার আইডি কার্ড প্রণয়নের মতো রেশন কার্ড প্রণয়নের দায়িত্বও সেনাবাহিনীকে দিলে তারা তাদের পূর্বতন অভিজ্ঞতার ভিত্তিতে সুষ্ঠুভাবে কাজটি সম্পাদন করতে পারবেন। সরকারকে দীর্ঘসময় এই সহায়তা বজায় রাখতে হবে। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির ত্রাণ তত্পরতা রমজান মাসে আরো বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়। সভায় সামগ্রিক ত্রাণ কার্যক্রমের ওপর রিপোর্ট দেন মহানগর সম্পাদক কিশোর রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম টিপু, তৌহিদুর রহমান ও জাহাঙ্গীর আলম ফজলু।