ভাতিজাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে খুন

বন্দর উপজেলায় ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে আসায় ছোটো ভাই খুন হয়েছেন বড়ো ভাইয়ের হাতে। গতকাল রবিবার সকালে বন্দরের মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আমজাদ হোসেনের (৩২) স্ত্রী জান্নাতুল মাওয়া (২১) বাদী হয়ে তার ভাশুর ইব্রাহিমকে (৪২) আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আমজাদ হোসেন একজন পোশাককর্মী এবং ঐ এলাকার মৃত নুরুদ্দিন মিয়ার ছেলে। বন্দর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি ইব্রাহীমকে আদালতে পাঠানো হয়েছে। ইব্রাহীমের ছেলে মনসুর কয়েক দিন আগে পার্শ্ববর্তী বাড়ি থেকে আম চুরি করে। এ নিয়ে ছেলে মনসুরকে মারধর করছিলেন ইব্রাহীম। এ সময় আমজাদ হোসেন ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে এলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম ক্ষুব্ধ হয়ে বঁটি দিয়ে আমজাদ হোসেনের বুকে ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত করেন। পরে স্ত্রীসহ আশপাশের লোকজন আমজাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।