সিদ্ধিরগঞ্জে জামাতার প্রহারে শ্বশুরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে মেয়ের জামাইর মারধরে গুরুতর আহত হয়ে ইসমাইল ব্যাপারী (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহত ইসমাইল বেপারীর মেয়ের জামাই মোহসীনকে (৩০) গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত ইসমাইল ব্যাপারী মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার মৃত আরাফাত আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জে বাবুর্চির কাজ করতেন। তার মেয়ে ফাল্গুনী আক্তারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতা মোহসীন শ্বশুর ইসমাইল বেপারীকে বেধড়ক মারধর করে। এর কিছুক্ষণ পর ইসমাইল বেপারী বাসার মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার ইসমাইলকে মৃত ঘোষণা করেন। ওসি নজরুল আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে মেয়ের জামাতার মারধরের কারণে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ইসমাইল বেপারী মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।