মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ নতুন তিন জন করোনায় আক্রান্ত 

মানিকগঞ্জে এক নারী চিকিৎসকসহ আরও তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। আজ সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘আক্রান্তদের মধ্যে একজন নারী চিকিৎসক। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুজন একই পরিবারের। তাদের বাড়ি মানিকগঞ্জ সদরের দাশড়া এলাকায়।’

এই পরিবারের আরেক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। আক্রান্ত সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও যোগ করেন সিভিল সার্জন।

আরো পড়ুন: সামাজিক দূরত্ব না মেনে স্কুলছাত্রের সংস্পর্শে আসা নানা-নানি করোনায় আক্রান্ত

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় তিন জনের করোনা পজিটিভ আসে এবং বাকীদের নেগেটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পরেছে।’

নতুন এই নারী চিকিৎসকসহ মানিকগঞ্জে তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে দুজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং একজন কর্নেল মালেক সরকারি মেডিক্যাল কলেজের।

ইত্তেফাক/এএএম