নির্বাচনে নিয়ন্ত্রণমূলক পরিবেশ নিয়ে ১৫ আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ

বাংলাদেশে আজ রবিবার অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাপী মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা ১৫টি সংস্থা। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, নিয়ন্ত্রণমূলক নির্বাচনী পরিবেশ নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশে ‘অগণতান্ত্রিক নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে’ শিরোনামে বিবৃতিটি পাঠিয়েছে ব্যাংককভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল)। বিবৃতিতে স্বাক্ষরকারী ১৫ সংস্থার মধ্যে আনফ্রেলও রয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচন পর্যবেক্ষণে আনফ্রেলের পর্যবেক্ষক মিশন আসার কথা ছিল। কিন্তু ভিসা বিলম্বিত করার কারণে শেষ পর্যন্ত তা বাতিল হয়। তারপরও তারা বাংলাদেশের নির্বাচনের ওপর দৃষ্টি রাখছে। 

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকেই বাংলাদেশ সরকার দেশের সুশীল সমাজ, বিরোধী দল ও গণমাধ্যমের ওপর দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করেছে। যা বাংলাদেশের ক্ষয়ে আসা গণতান্ত্রিক স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করছে। সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নির্বাচনী সহিংসতা ও ভীতির কোনো স্থান থাকতে পারে না।