ইন্ডিয়ান এক্সপ্রেসকে মির্জা ফখরুল

ভারতীয় নেতাদের বৈঠকের চেষ্টা করেছিল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী। দেশটির সঙ্গে বিভিন্ন সময় সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে তারা। এমনকি এ বছরের আগস্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে একটি বৈঠকের দিন ঠিক করার চেষ্টাও করেছিল বিএনপি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। সাক্ষাত্কারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতের সঙ্গে ঐক্য, ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন দিক উঠে এসেছে।

ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা দেশের বাইরে ভারতের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত্ চেয়েছিলাম। তিনবার দেখা করেছি। ভারতীয় কূটনীতিকেরা সাক্ষাত্ করতে তেমন আগ্রহী নন বলে মনে হয়েছে। সম্ভবত তারা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরাগভাজন হতে চাননি। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছি। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১২ সালে দিল্লি সফর করেন। ২০১৪ সালে ভারতে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর আমরা ভেবেছিলাম, পরিস্থিতির উন্নতি হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে তার (খালেদা জিয়া) খুবই সফল বৈঠক হয়েছিল। তবে এরপর আর কিছু ঘটেনি। আমরা এ বছরের আগস্টে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠকের দিন ঠিক করার চেষ্টা করেছি। তবে ভারতীয় পক্ষ এড়িয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িকতা ও মৌলবাদে বিশ্বাস করি না। এ বিষয়ে আমাদের নিয়ে ভারতের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করি। আমরা ভারতবিরোধী এ ধারণা মিথ্যা। এটা আওয়ামী লীগের সৃষ্ট অপপ্রচারের অংশ। বিএনপি উদার গণতান্ত্রিক দল। আমরা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সাক্ষাত্কারে নির্বাচনী পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এখানে কোনো নির্বাচনী প্রচার নেই। আমাদের মূল লক্ষ্য এখন ‘ভোটের অধিকার’ ও ‘স্বাধীনভাবে বাঁচা’।