মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেয়াল নির্মানে অর্থ বরাদ্দ না দিলে তিনি সীমান্ত বন্ধ করে দেবেন। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবেন ডেমোক্র্যাটরা। তারা চলমান শাটডাউন কাটাতে দ্রুত একটি বিল পাস করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য ৫শ’ কোটি ডলার দাবি করেছেন। কিন্তু ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করছেন না। ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হামিল এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনৈতিক, অকার্যকর এবং ব্যয়বহুল দেয়াল নির্মানের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে, দেয়াল নির্মানের ব্যয়ভার মেক্সিকো বহন করবে। তবে মেক্সিকো কোনো অর্থ দেবে না বলে জানিয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, মধ্য আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে তিনি দক্ষিণাঞ্চলের তথা মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেবেন। মেক্সিকো প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ ম্যানুয়েল লোপেজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি সম্পর্কে বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন ব্যাপার।