বিরাট একটা অস্বস্তিকর বিপদে পড়েছিলেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। তবে সেই বিপদ থেকে মুক্তি পেয়েছেন এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত। বাসা বদলের সময় হারিয়ে ফেলা বিশ্বকাপ মেডেলটি খুঁজে পেয়েছেন তিনি। সম্প্রতি বাসা বদলানোর সময় মেডেলটি হারিয়ে গিয়েছিল বলে গত শনিবার বিবিসির সঙ্গে আলাপচারিতায় জানান ২৫ বছর বয়সি এই পেসার। পরদিনই মেডেলের ছবিসহ এক টুইটার পোস্টে গেস্ট বেডরুমে তা খুঁজে পাওয়ার কথা জানান তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড়ো অবদান ছিল আর্চারের। ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সফলতম বোলার। ফাইনালে শিরোপা নিশ্চিত হওয়া সুপার ওভারটিতে বোলিং করেছিলেন তিনিই।