স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের জন্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ম্যাচটা চিরকালই একটা শোকের স্মৃতি হয়ে থাকবে। টানটান উত্তেজনার সেই ম্যাচ ১ রানে হেরেছিল বাংলাদেশ। আর সেটাকেই হার্দিক পান্ডিয়া বলছেন তার ক্যারিয়ারের সবচেয়ে উত্তেজনার ম্যাচ এবং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। আগে ব্যাট করা ভারত ১৪৬ রান করেছিল। বাংলাদেশের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুই বাউন্ডারি মেরে উল্লাসই শুরু করেছিলেন মুশফিকুর রহিম। কারণ শেষ ৩ বলে দরকার ছিল ৩ রান। কিন্তু ঐ ৩ বলে ১ রানের বিনিময়ে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেই ওভারটি করেছিলেন পান্ডিয়াই।
পান্ডিয়া সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐ ম্যাচটার শেষ ওভার ছিল সবচেয়ে টানটান উত্তেজনার এবং আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা ওভার।’
ঐ সময় পরপর দুই বাউন্ডারি হজম করার পর সিনিয়র বোলার আশীষ নেহরা ও তখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খুব সমর্থন দিয়েছিলেন বলেও বলেছেন পান্ডিয়া।