ত্রাণে থাকুক শিশুখাদ্য ও শিক্ষা উপকরণ

করোনা মোকাবিলায় স্বাভাবিক সকল কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে আছেন কয়েক লাখ মানুষ। কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এই সংকটে সরকারি ও বেসরকারি ভাবে সারা দেশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে এই ত্রাণ সামগ্রীতে নেই শিশুখাদ্য। ফলে দরিদ্র পরিবারের শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশে যথাযথ পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না। অন্যদিকে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এছাড়া রমজান ও ঈদ উপলক্ষ্যে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত রয়েছে লম্বা ছুটি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর শিক্ষার সম্ভাব্য বিপর্যয় কমাতে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সংসদ টেলিভিশনে নিয়মিত পাঠদানের ক্লাস প্রচারিত হচ্ছে। বিশেষত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীর পরিবার অসচ্ছল। ত্রাণ হিসেবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ইত্যাদি সরবরাহের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা উপকৃত হবে। পরিশেষে, যথাযথ সমন্বয় ও ব্যবস্থাপনায় ত্রাণের আওতায় দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিশুখাদ্য এবং শিক্ষা উপকরণ সরবরাহে সরকার এবং সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক সহকারী শিক্ষক,

ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

সদর, বান্দরবান