মহাজোটকে আরেকবার জনতার রায় দিতে আহ্বান ইনুর

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের সব অপরাধীদের দোসর হিসেবে ইতিহাসের কালো-পাতায় ড. কামাল হোসেনসহ কতিপয় মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের নাম লেখা হবে। তাই এখনো সময় আছে ড. কামাল হোসেনসহ কতিপয় মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা যারা বিএনপি-জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে তারা বিএনপি-জামায়াতকে বর্জন করে জনতার পক্ষে আসতে পারে। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন। এদিন সেখানে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, আশিকুর রহমান ছবি, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ মহাজোটের নেতৃবৃন্দ।

বিএনপি-জামায়াত এবং সব ধরনের খুনিরা ঐক্যফ্রন্টের সঙ্গে এক হয়ে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে; তাই বাংলাদেশকে বাংলাদেশের পথে এগিয়ে নিতে এ নির্বাচনে মহাজোটকে আরেকবার জনতার রায় দিতে আহবান জানান হাসানুল হক ইনু।