লোকে বলে আমি সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট :ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লোকে তাকে সবচেয়ে পরিশ্রমি প্রেসিডেন্ট বলে থাকেন। তিনি তার প্রথম মেয়াদে যতো কাজ করেছেন তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট করেননি। যারা ভুয়া খবর প্রচার করে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন। তবে মার্কিন মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রশংসা নিজেই করেন। খবর বিবিসি ও এনডিটিভি’র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেন, যারা আমাকে চেনেন এবং যারা মার্কিন ইতিহাস সম্পর্কে জানেন তারা বলেন যে আমি নাকি দেশের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট। আমি এ বিষয়ে কিছু জানি না, তবে এটা বলতে পারি যে, আমি গত সাড়ে তিন বছরে যতো কাজ করেছি তা এর আগের কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। তিনি ভুয়া সংবাদকে     ঘৃণা করেন বলে জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি টুইটে লেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করি এবং গভীর রাত পর্যন্ত তা অব্যাহত থাকে। একমাত্র দুপুরের খাবার ছাড়া হোয়াইট হাউজের বাইরে যাই না উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কারণ আমি বাণিজ্য চুক্তি, সামরিক পুনর্গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। তারপর আমি কিছু ভুয়া সংবাদ পড়ি যা নিউ ইয়র্ক টাইমসে আমাকে নিয়ে ছাপায়। প্রেসিডেন্ট ট্রাম্প ফের মিডিয়ার সমালোচনা করে জানান, ভুয়া সংবাদের সংগঠনসহ সকল মিডিয়ার বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ এগুলো অন্যায় কাজ করে।

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ

প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের বিষয়ে হোয়াইট হাউজে নিয়মিত প্রেস ব্রিফিং করেছেন। যদিও আপাতত বন্ধ। এসব সংবাদ সম্মেলনে তিনি এ পর্যন্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি শব্দ উচ্চারণ করেছেন। নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সাংবাদিকরা প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছেন যে তিনি আসলে কী ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন। পত্রিকাটি বলছে, এখনো পর্যন্ত দেখা গেছে, ট্রাম্পের এসব ব্রিফিংয়ে বারবার যেটি এসেছে তা হলো নিজেই নিজেকে অভিনন্দন জানানো। তিনি অন্যদেরও কৃতিত্ব দেন (৩৬০ বারেরও বেশি) তাদের কাজের জন্য, আবার একই সঙ্গে অন্যদের দোষী সাব্যস্ত করেন (১১০ বারেরও বেশি) বিভিন্ন অঙ্গরাজ্যে ও কেন্দ্রীয় পর্যায়ে অপ্রতুল সাড়া দেওয়ার অভিযোগের জবাব।