করোনা সংকট শিগগিরই কেটে যাবে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসের এই সংকট খুব শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার এবং দলের নেতাকর্মীরা  অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন এখন বিশ্বের প্রায় সব দেশেই চলছে জরুরি অবস্থা। এর মধ্যেও বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। গতকাল সোমবার বিকালে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তার নির্বাচনী এলাকা কাজিপুর পৌরসভা প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

ভিডিও বার্তায় করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে  নাসিম বলেন, মানুষ করোনা ভাইরাস সংক্রমণে গৃহবন্দি জীবনযাপন করছে। দেশে একটি  সংকটকাল অতিবাহিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে বর্তমান সরকার অসহায় মানুষের ঘরে ঘরে চিকিত্সা ও খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই সংকট খুব শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়ন থেকে খাদ্যসামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিত্সা এবং ওষুধপত্র বিতরণ করছেন উল্লেখ করে  তিনি নেতাকর্মী এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন—এই দুঃসময়ে কোনোভাবেই যেন গরীবের হক খাদ্যসামগ্রী আত্মসাতের ঘটনা না ঘটে। 

খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা, পৌর মেয়র হাজি নিজামউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনসহ পৌর যুবলীগ ও  ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।