গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত মা ও তার তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৬ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান। গ্রেফতারকৃত পারভেজ উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে। সে ছাড়াও হত্যাকাণ্ডে আরো বেশ কয়েক জন অংশ নিয়েছে বলে জানালে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও তিন ফুট মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় একটি মোবাইল ফোন, একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকা থেকে প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার স্মৃতি (৩৫), তার বড়ো মেয়ে ও এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাবরিনা নুরা (১৬) ছোটো মেয়ে মাদ্রাসা ছাত্রী সাওরী (১২) ও শিশুপুত্র ফাদিলের (৭) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।