ঢাকার কোনো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় — ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। গতকাল শনিবার সকালে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এ ছাড়া পুরো ঢাকা মহানগরীতে, সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই, ঢাকার কোনো ভোটকেদ্রই ঝুঁকিপূর্ণ নয় বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। কারণ যদি ঝুঁকি থাকে, সেই ঝুঁকিকে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আমরা ভোটারদের অনুরোধ করব নির্ভয়ে, নিশ্চিন্তে, আপনি ভোটকেন্দ্রে এসে, আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে আপনি প্রদান করবেন।

আজ সারা দেশে যে ২৯৯ আসনে ভোট হচ্ছে তার মধ্যে ঢাকা জেলায় পড়েছে ২০টি। আর ঢাকা মহানগরের ১৫টি আসনে দুই হাজার ১১৩টি কেন্দ্রে ভোট নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

ভোট ঘিরে গুজব ছড়ানো প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব রটায়। এজন্য সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অন্যান্য বাহিনীর সঙ্গে চমত্কার সমন্বয় করে পুলিশ কাজ করছে।