সোমবার সকাল থেকে যশোর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় আরো ১১ রোগীকে শনাক্ত করা হয়েছে। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল পশ্চিমের এ চার জেলার ৭৮টি নমুনা পরীক্ষা করে এই ১১ জন রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ৭৫ জুন করোনা রোগী শনাক্ত হলো।
সোমবার সকালে সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রবিবার ৯ম দিনে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে যশোরের ৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, ঝিনাইদহের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন ও নড়াইলের ২০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে মাগুরার ১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
এ নিয়ে যশোরে ৩৩ জন, ঝিনাইদহে ১৪ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মাগুরা ও কুষ্টিয়ায় ৪ জন করে এবং মেহেরপুরে দুই জন রোগী শনাক্ত হলো।
এদিকে, অবনতিশীল পরিস্থিতিতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে যশোরে লকডাউন শুরু হয়েছে।