বাংলাদেশে আগামী মে মাসেই করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব ৯৯ শতাংশ কমবে। আর ভাইরাসটি পুরোপুরি বিদায় নেবে ১৫ জুলাই। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)-এর এক গবেষণায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে এই পূর্বাভাস দিয়েছেন গবেষকরা। বিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত তখন নতুন এই আশার আলো দেখালেন তারা। রবিবার এসইউটিডির ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনা বিষয়ক এই পূর্বাভাস দিয়েছে। তারা বলছে, ৩০ মে নাগাদ বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ৯৭ শতাংশ কমবে। ১৭ জুন নাগাদ ৯৯ শতাংশ করোনা মুক্ত হবে বিশ্ব। আর ৮ ডিসেম্বর দুনিয়া থেকে পুরোপুরি বিদায় নেবে করোনা ভাইরাস। তাদের পূর্বাভাস অনুযায়ী ১৯ মে বাংলাদেশে করোনার বিস্তার ৯৭ শতাংশ কমবে। ৩১ মে ৯৯ শতাংশই দূর হবে। আর ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনা মুক্ত হবে।
পূর্বাভাস অনুযায়ী, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ২২ মে নাগাদ ৯৭ শতাংশ কমে যাবে। ৩০ মে ভারতের সংক্রমণ ৯৯ শতাংশ কমবে। আর ভারত করোনা মুক্ত হবে ২৬ জুলাই। যুক্তরাষ্ট্রে ১২ মে নাগাদ করোনার সংক্রমণ কমবে ৯৭ শতাংশ। ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র করোনা মুক্ত হবে।
এসইউটিডি তাদের গবেষণায় সাসসেপটিবল ইনফেক্টেড রিকভারড (সার) মডেল ব্যবহার করেছে। এই মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। গবেষকদের দাবি, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে পর্যালোচনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা।