বরিশাল পল্লী বিদ্যুত্ কেন্দ্রে ছাত্রলীগ নেতার হামলা

বরিশাল সদর উপজেলায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুত্ কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনায় গত রবিবার সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আশিকুর দাবি করেন হামলার অভিযোগ মিথ্যা।

হামলার শিকার লাইনম্যান জাফর ইকবাল জানান, গত শুক্রবার ভোর রাতে সেহেরির প্রাক্কালে পল্লী বিদ্যুত্ ১ এর আওতাধীন চরকাউয়া সাবস্টেশনে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় রমজানের প্রথম দিনে কিছুটা সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দেওয়া সম্ভব হয়নি। শনিবার সন্ধ্যার দিকে সুজন সাবস্টেশন কেন্দ্রে উপস্থিত হয়ে বিদ্যুত্ সংযোগ বন্ধ রাখার বিষয়ে জানতে চান। এসময় তাকে বিষয়টি জানালে তিনি তা না শুনে উত্তেজিত হয়ে তাকে মারধর করতে থাকেন।

জাফরকে রক্ষায় এগিয়ে আসা অপর তিন সহকর্মী মাহফুজুর রহমান, পরিতোষ চন্দ্র পাল ও মো. সুমনকেও এসময় মারধর করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত জাফর ইকবালকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার খবর সংশ্লিষ্ট স্টেশনের ইঞ্জিনিয়ার মো. আলীকে জানালে তিনি বিষয়টি বিভাগীয় পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে রবিবার এ ঘটনায় মামলা করে পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ। বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আশিকুর রহমান সুজনের নাম উল্লেখ করে মামলা করা হলেও সাত-আট জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ছাত্রলীগ নেতা আশিকুর সাংবাদিকদের বলেন, শুধু চরকাউয়া নয়, আশপাশের ইউনিয়নে প্রায় সময় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হলেও অন্তত রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দিতে অনুরোধ রাখা হয়েছিল। তা মানা হয়নি। হামলার অভিযোগ মিথ্যা।