নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একইসঙ্গে তিনি মার্কিন নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতারও প্রশংসা করেছেন তিনি। গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও কোভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। গতকাল মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করে ঐ চিঠি হস্তান্তর করেন।
সাক্ষাত্কালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯-এর বিরূপ প্রভাব, বিশেষ করে রপ্তানি আদেশ প্রত্যাহারের কারণে দেশের তৈরি পোশাক শিল্পের ওপর যে মারাত্মক প্রভাব পড়ছে তা তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের জন্য সুবিধা প্রত্যাশা করেন।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর অনুরোধ করেন। তিনি জানান, এ বিষয়টি বাংলাদেশ সরকারের অগ্রাধিকারে রয়েছে। তারা রোহিঙ্গাসংকট নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। রাষ্ট্রদূত মিলার এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের কৌশল ও নীতিমালা তুলে ধরেন। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।