ফরিদপুরে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কেন্দ্রীয় যুবদল নেতা

ফরিদপুরে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার (২৭এপ্রিল) পর্যন্ত শহরের গোয়ালচামটস্থ বাসভবনের সামনে তার অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। মোট ১২টি ইউনিয়ন ও ১২ পৌরসভার একটি ইউনিয়নে এই ত্রাণ দেয়া হচ্ছে।

প্রথমদিন ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের শতাধিক অসহায় দুস্থ অভাবগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়। এরপর পর্যায়ক্রমে অন্যগুলোতে দেয়া হচ্ছে। এসময় ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ পারভেজ ডাফরিন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা যুবদলের সম্পাদক মো. কবিরসহ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল সোমবার ফরিদপুর সদর থানার কৃষ্ণনগর ইউনিয়নের দলীয় নেতা কর্মীসহ  দুঃস্থদের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি শহীদ মেম্বর, জেলা যুবদল নেতা আওয়াল খান লালন, সাগর খান, ইউনুস মিয়া প্রমুখ।

এ ব্যাপারে মাহবুবুল হাসান পিংকু জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার  প্রতিটি দরিদ্র পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, একটি মাস্ক ও একটি সাবান প্যাকেট আকারে দেওয়া হচ্ছে।

পিংকু আরো বলেন, ধারাবাহিকভাবে প্রতিটা ইউনিয়নেই এই পবিত্র রমজানে আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

ইত্তেফাক/এমআর