টঙ্গীতে চার শিশুকে ধর্ষণ চেষ্টায় কেয়ারটেকার আটক

গাজীপুরের টঙ্গীর মোক্তার বাড়ি এলাকায় একটি বাড়িতে চার শিশুকে ধর্ষণের চেষ্টায় বেলায়েত হোসেন নামে বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে এই ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। বেলায়েত হোসেন ঐ বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করে।

শিশুদের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর মোক্তার বাড়ি এলাকায় একটি বাড়িতে চার শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বেলায়েত নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গতকাল রাতে একটি শিশুকে ‘মজা খাওয়ানোর’ লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ঐ ব্যক্তি। এ সময় শিশুর চিত্কারে তার বাবা-মা এগিয়ে এলে তাকে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে ঐ বাড়িতে থাকা আরো তিন শিশু তাদের পরিবারকে জানায়, তাদেরকেও দীর্ঘদিন ধরে অভিযুক্ত বেলায়েত মজা খাওয়ানোর কথা বলে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে আসছিল। ধর্ষণের চেষ্টার খবরটি এলাকার স্থানীয় একটি চক্র সামাজিকভাবে সমাধানের চেষ্টার কথা বলে বেলায়েত হোসেনের কাছ থেকে কয়েক দফায় টাকা আদায় করে। পরবর্তী সময়ে গতকাল এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত বেলায়েতকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, ‘বেলায়েত ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।