স্বাস্থ্যবিধি ও আইএলওর গাইডলাইন অনুযায়ী কারখানা চালাতে হবে - ওয়ার্কার্স পার্টি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি ও আইএলওর গাইডলাইন অনুযায়ী সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের স্বচ্ছ তদারকি ও পর্যবেক্ষণ সাপেক্ষে কারখানা পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পলিটব্যুরো গতকাল সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

পলটিব্যুরোর বিবৃতিতে বলা হয়, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ২৫ এপ্রিল চলমান সরকারি ছুটিতে  কারখানা চালু করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গার্মেন্ট মালিকদের সমিতি তাদের কারখানা খোলার ঘোষণা দেয়। তাদের ঘোষণায়  ২৬ এপ্রিল  থেকে সীমিত  পরিসরে প্রাথমিকভাবে সঙ্গনিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানো এবং শুধু ঢাকা ও কারখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা চালানোর যে বিজ্ঞাপন তারা জারি করেছিলেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কারখানার ব্যবস্থাপনা  কর্তৃপক্ষ মোবাইলসহ নানা মাধ্যমে শ্রমিকদের কাজে যোগদানে নির্দেশ করেছেন এবং কাজে যোগ দিতে ব্যর্থ হলে মজুরি কর্তন ও ছাঁটাইয়ের ভয় দেখিয়েছেন। ফলে গত ৪ এপ্রিলের মতো গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদানের উত্কণ্ঠা থেকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সঙ্গনিরোধবিধি ভঙ্গ হওয়ার উপক্রম এবং করোনা সংক্রমণ বিস্তার হয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে।