এই সময়ের ছড়া

হে পৃথিবী!

তুমি ভালো থাকলেই বাঁচব মানুষ

ছিল না বুঝি শুধু এইটুকু হুঁশ!

তোমার ভালো থাকা প্রয়োজন আগে

এই বোধটুকু কেন ভেতরে না জাগে!

 

কত অনাচার-ভুল যা ইচ্ছে তাই

তোমার উপরে হলো, পরিসীমা নাই।

তোমার এ মুখ জানি করেছি কালো

তাই তুমি ঠিকই নেই মোটেও ভালো।

 

তিলে তিলে কষ্ট কী ভাবিনি সে দিকও

তোমাকে যত্ন মানুষ, না না করিনিকো।

তাই তুমি মানবেরে দিয়েছ এ শাপ

‘বাইরে না, থাকো ঘরে বন্দি’ এ তাপ—

 

সহ্য করো তবে এ মানব জাতি

শুদ্ধ হয়ে ওঠো, হও পরম জ্ঞাতি।

মানুষ বুঝছি, তুমি কত প্রিয় ধন!

তুমি ছাড়া ‘সত্য না’ কোনো আয়োজন!

 

দেখি আজ দেখি শুধু তাকালেই ফিরে

সকল খবর-খোঁজ তোমাকেই ঘিরে

ব্যস্ত তোমায় নিয়ে রেডিও টিভি

সুস্থ হয়ে ওঠো অসুস্থ পৃথিবী।