রেলওয়ের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর!

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার শাসনগাছা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে বহুতল বাণিজ্যিক ভবনের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সিটি করপোরেশনের কোল ঘেঁষে শাসনগাছা এলাকার অবস্থান। এই রেলপথের শাসনগাছা রেলগেটের উত্তর-পশ্চিম কোণে বেসরকারি একটি হাসপাতাল নির্মাণাধীন। নিজস্ব জায়গায় ভবনটি নির্মিত হলেও এই ভবনের পূর্ব দিকের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে রেলওয়ের জায়গায়। এই ভবনে চালু থাকা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের একটি বুথের অংশবিশেষও রেলওয়ের জায়গায় পড়েছে। কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) অফিস সূত্র মতে প্রায় ২০০ ফুট দীর্ঘ ও প্রায় চার ফুট প্রস্থের সীমানা প্রাচীর করার সময় রেলওয়ে কর্তৃপক্ষের বাধার কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে। ইদানীং করোনার কারণে কুমিল্লাতেও লকডাউন চলছে। সমস্ত অফিস আদালত বন্ধের সুযোগে কিছুদিন আগে সীমানা প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু হয়। কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) থেকে জিআরপি পুলিশের আইসিসহ একটি দল চলতি সপ্তাহে সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরিশেষে, রেলওয়ের জায়গা দখলমুক্ত রাখতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা