শিবচরে আরো এক জন করোনায় আক্রান্ত, ৫০ বাড়ি লকডাউন

চিফ হুইপের নির্দেশে খাবার সহায়তা

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে নতুন করে এক করোনা রোগী শনাক্তসহ তিনটি বাড়ি হোম কোয়ারেন্টাইনের স্টিকার লাগানোসহ ৫০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাত্ক্ষণিক চিফ হুইপের নির্দেশে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী তার নিজস্ব অর্থায়নে ৫০টি পরিবারের মধ্যে খাবার সহায়তা পৌঁছে দিয়েছেন।

উপজেলা প্রশাসন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবু মোল্লার কান্দি গ্রামের এক জন মহিলা (৫৫) কিছু দিন আগে বিক্রমপুর থেকে নিজের বাড়িতে আসেন। পরে জ্বর অনুভব করলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গেলে গত ২৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গত সোমবার রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। এ ঘটনা জানার পর গতকাল মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ করোনায় আক্রান্ত রোগীর বাড়িসহ দুটি বাড়িতে হোম কোয়ারেন্টাইনের স্টিকার ও লাল কাপড় টাঙিয়ে আশপাশের মোট ৫০টি বাড়ি লকডাউন করে দিয়েছেন।

এ ঘটনার পর বিশিষ্ট ব্যবসায়ী কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী বলেন, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ নিয়োজিত করেছি এবং আমি সার্বক্ষণিক মনিটরিং করছি যাতে অন্য ওয়ার্ডগুলোতে এ করোনা ভাইরাস ছড়াতে না পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাংক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্ত মহিলাকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। এ নিয়ে শিবচরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। এদের মধ্যে মারা গেছেন দুই জন। সুস্থ হয়েছেন ১৩ জন।